সিল্কসিটিনিউজ ডেস্ক :
সুস্থ ও ফিট থাকতে মানুষ নানা ডায়েট চার্ট অনুসরণ করে থাকেন। ভারতীয় অভিনেত্রী মালাইকা অরোরাও এর বিপরীত না। তিনি আয়ুর্বেদ ও যোগচর্চা অনুসরণ করে থাকেন। অল্প বয়সে মায়ের মতোই ফিটনেস নিয়ে চর্চা করেন তার পুত্র আরহান খানও।
মালাইকার মতো আরহানও কিন্তু খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ করেন। মালাইকা জানিয়েছেন, আরহান খাবার মেপে খাওয়া পছন্দ করেন। মালাইকা নিজেও পরিমিত আহারই পছন্দ করেন। সম্প্রতি একটি পডকাস্টে মালাইকা বলেন, ‘ওজন নিয়ন্ত্রণ করতে গেলে মেপে খাওয়া উচিত।

বাড়িতে আরহান খাবার ওজন করে খায়। কিন্তু আমি এই নিয়ম অনুসরণ করি না।’
মালাইকা জানিয়েছেন, তিনি একটি বাটি থেকে খাবার খান। তার ফলে তিনি কতটা খাবার খাচ্ছেন, তার ওপর নিয়ন্ত্রণ থাকে।
অভিনেত্রীর কথায়, ‘দীর্ঘদিন আমি এই অভ্যাস করছি, উপকারও পেয়েছি। বাটিতে যেটুকু খাবার ধরছে, সেটাই আমি খেয়ে থাকি।’
একটি নির্দিষ্ট পাত্র থেকে প্রতিদিন দুপুর বা রাতের খাবার খেলে সময়ের সঙ্গে অভ্যাস তৈরি হয়। ফলে বেশি খাবার খাওয়ার প্রবণতা তৈরি হয় না। বাটির খাবার শেষ মানেই মস্তিষ্ক সেইমতো সংকেত পাঠায় যে পেট ভরে গেছে।
অন্যদিকে, খাবার ওজন করে খাওয়ার ফলে পাত্রের ওপর নির্ভরতার প্রয়োজন থাকে না। সে ক্ষেত্রে কতটা খাবার (গ্রাম) খাওয়া হচ্ছে, তার মাপ জানা সম্ভব। এ ক্ষেত্রেও বেশি খাবার খাওয়ার প্রবণতা তৈরি হয় না। উভয় পদ্ধতিই ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
সূত্র : আনন্দবাজার ডট কম









