বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকায় বিদেশী অস্ত্র ও জিহাদী বইসহ দুই জামায়াত নেতা আটকের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির জিন্নাত আলীসহ ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে বাঘা থানা পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
সন্ধ্যার দিকে এই মামলার আসামী এনামুল হক (২৪) নামের ব্যক্তিতে গ্রেফতার করা হয়েছে। সে আড়ানীর পৌরসভার গোচর এলাকার ইন্নত আলীর ছেলে।

মামলার এজহার সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার সময় উপজেলার আড়ানী পৌর এলাকার বাসিন্দা ও পৌর জামায়াতের সুরা সদস্য বেলাল উদ্দিনের বাড়িতে গোপন বৈঠক করছিল জামায়াতের নেতা-কর্মীরা।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। জামায়াতের শুরা সদস্য বেলাল উদ্দিন ও আড়ানী পৌর জামায়াতের আমির অধ্যাপক মুনিরুল আজম জিঞ্জুকে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও জিহাদী বইসহ গ্রেফতার করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে রক্ষা পান উপজেলা জামায়তের আমির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মওলানা জিন্নাত আলীসহ ২০১৪ সালে পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া ও মারপিট মামলার এক নম্বর আসামী এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন নহু।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ সিল্কসিটি নিউজকে বলেন, সোমবার রাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মওলানা জিন্নাত আলীসহ আড়ানী পৌরসভার চকরপাড়া গ্রামে ও পৌর জামায়াতের শুরা সদস্য বেলাল উদ্দিনের বাড়িতে ২৫ থেকে ৩০ জন উপজেলা ও পৌর জামায়াতের নেতা-কর্মী বৈঠক করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে দু’জন ব্যাতিত সবাই পালাতে সক্ষম হয়। পরে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও জিহাদী বই উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে আটক দুই জামায়াত নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সন্ধ্যায় এ মামলায় আরেকজনকে গ্রেফতার করা হয় বলে ওসি জানান।
স/শ










