রাজশাহী

বাঘায় পদ্মার চরে গুলিবিদ্ধ মাছ শিকারী

নিউজ ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর পদ্মার চরে দুর্বৃত্তের গুলিতে মিনারুল প্রামাণিক (৩২) নামের এক মাছ শিকারী আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলার বাঘা উপজেলার পদ্মানদীর খানপুর নিচপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয় বলে জানায় পুলিশ। গুলিবিদ্ধ মিনারুল প্রামাণিক খানপুর নিচপাড়ার মৃত জামাত প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে- সকাল সাড়ে ৬ টার দিকে খানপুর নিচপাড়া রাজুর ঘাটে কাকন বাহিনির লোকজন স্পিডবোট যোগে এসে এলোপাতাড়িভাবে গুলি ছুড়ে ঘাটে বেধে রাখা মোমতাজ বাহিনির স্পিডবোটটি তারা নিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ হন মিনারুল প্রামানিক। তার পিঠে গুলি লাগে। তিনি সকালে মাছ ধরতে গিয়ে ছিলেন। পরে তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়েছে। তবে রামেক হাসপাতালে খোঁজ নিয়ে পাওয়া যায়নি গুলিবিদ্ধ মিনারুলকে। তবে বিষয়টি নিয়ে ওই বাহিনীদের বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহম্মেদকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে হাসপাতালের পুলিশ বক্সের কনস্টেবেল রাব্বি বলেন- ‘এই রকম ঘটনা আমরা শুনেছি। তবে হাসপাতালে গুলিবিদ্ধ কেউ ভর্তি হয়নি।’

এ বিষয়ে বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন- দুস্কৃতিকারীরা আতঙ্গ ছড়ানোর জন্য গুলি ছোড়ে। এতে মিনারুল নামের একজন আহত হয়েছেন। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। পিঠে গুলি লাগা মিনারুলকে রাজশাহী মেডিকেলে ভর্তি করেছে স্বজনরা। এই ঘটনা ভুক্তভোগিরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

 

স/আ