রাজশাহী

বাঘায় কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

পূজার ছুটির কারণে বন্ধ থাকবে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি। এই খবর ছড়িয়ে পড়তেই বাঘাতে পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম বেড়েছে ১৬০ টাকা পর্যন্ত। বৃহস্পতিবার (২ অক্টোবর) বাঘা হাটে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রয় হয়েছে ৩০০ থেকে ৩২০ টাকা।

গত একমাস ধরে রাজশাহী জেলার বাঘাতে পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৩০-১৪০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।

সেই মরিচ আজ বিক্রি হয়েছে ২৬০ থেকে ২৮০ টাকা পর্যন্ত। ফলে খুচরা বাজারে পড়েছে এর প্রভাব। খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকায়। পূজার ছুটির কারণে স্থলবন্দরগুলো দিয়ে ভারত থেকে আসছে না কাঁচা মরিচ।

এতে আকস্মিক দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান আড়ত ব্যবসায়ীরা।
স্থানীয় এক কৃষক জানান, চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় ব্যাপকভাবে নষ্ট হয়েছে কাঁচা মরিচের ক্ষেত। এর মধ্যে যাদের মরিচ ক্ষেত টিকে রয়েছে, তারাই লাভবান হচ্ছেন।