বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ের একদিন পর চিকিসাধীন অবস্থায় আব্দুল্লাহ (৭) নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার জামনগর ইউনিয়নের মুন্সিপাড়ার পাঁচানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই গ্রামের রাকিবুল ইসলামের ছেলে এবং মুন্সিপাড়া কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্বজনরা জানান, বুধবার মধ্যরাতে দাদির সঙ্গে একই বিছানায় মশারির মধ্যে ঘুমিয়েছিল আব্দুল্লাহ। ঘুমন্ত অবস্থায় তাকে বিষাক্ত সাপে কামড় দেয়। মশারির মধ্যে থাকা সাপটিকে মেরে একটি পাতিলে নিয়ে প্রথমে আব্দুল্লাহকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রাজশাহী মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় থেকে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। সংশ্লিষ্ট জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










