নাটোর

বাগাতিপাড়ায় চারমাস বন্ধের পর চালু হলো ইউএনও পার্ক

নিউজ ডেস্ক৩ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ার একমাত্র বিনোদনকেন্দ্র ইউএনও পার্ক বন্ধের চার মাস পর লিজ প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় চালু করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই পার্কের উদ্বোধন করেন ইউএনও মারুফ আফজাল রাজন। জানা গেছে, বড়াল নদীর ধারে পাশাপাশি রেল ও সড়ক সেতুর সৌন্দর্য্যকে ঘিরে পৌর এলাকার লক্ষণহাটি মহল্লায় প্রায় চার বিঘা জমির ওপর ২০১৬ সালে ইউএনও পার্কটি স্থাপিত হয়। তৎকালীন ইউএনও খন্দকার ফরহাদ আহমেদ পার্কটি নির্মাণ করেন। তিনি বদলি হলে পরবর্তীতে পার্কটির কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। পরে ২০২১ সালে তৎকালীণ ইউএনও প্রিয়াংকা দেবী পাল পুনরায় চালু করেন। সেসময় থেকে উপজেলা প্রশাসনের সাথে আর্ট হকার নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পলাশ আহমেদ ব্যক্তি অংশীদারি ভিত্তিতে চুক্তিবদ্ধ থেকে ইউএনও পার্কটি পরিচালনা করছিলেন। কিন্তু চুক্তি ভঙ্গের কারনে গত জুন মাস থেকে পার্কটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এরপর বিনোদন প্রেমীরা বিপাকে পড়লে তাদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে স্থানীয় মেসার্স কবীর এন্টারপ্রাইজ নামের এক প্রতিষ্ঠানকে তিন বছরের জন্য লিজ দেওয়া হয়। লিজ প্রক্রিয়া শেষে অবশেষে বৃহস্পতিবার পার্কটি পুনরায় উদ্বোধন করা হয়। এসময় সেখানে লিজ নেওয়া প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকার কবীর হোসেন শিপলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে ইউএনও মারুফ আফজাল রাজন বলেন, বিনোদন প্রেমীদের চাহিদার কথা মাথায় রেখে পার্কটি লিজ দেওয়া হয়েছে। মুলত: পার্কটির কার্যক্রম চালু রাখতে বার্ষিক হারে তিন বছরের জন্য এই লিজ প্রদান করা হয়।