বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় মোবাইল ফোনে কল করে র্যাব পরিচয়ে চাঁদাদাবীর ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আউচপাড়া ইউনিয়নের বইকুরী গ্রামের মৃত ছাবের আলীর ছেলে শহিদুল ইসলামের মোবাইল ফোনে গত ১ নভেম্বর মঙ্গলবার সকাল অনুমান সাড়ে এগারটার দিকে উপজেলার মচমইল গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে জয়নাল আবেদীন ০১৭৮৮-১২৪৭৩০ নম্বর থেকে অভিযোগকারীর মোবাইল ফোনে কল করে ৫০ হাজার টাকা দাবী করে। টাকা না দিলে যে কোন স্থানে তাকে মারপিট ও হত্যার হুমকি প্রদান করে।

অভিযোগকারী জানান, জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জেরেই তার মোবাইলে কল করে র্যাব পরিচয় দিয়ে টাকা দাবী করে।
জানা গেছে, জয়নাল আবেদীন ভুয়া দলিল নিয়ে অভিযোগকারী শহিদুলের ভাই মোজাম্মেল দিং এর জমি দখলের চেষ্টা করে। সেই ঘটনায় মোজাম্মেল দিং রাজশাহী কোটে ২০১৪ সালে জয়নালের বিরুদ্ধে মামলা করে সেই কারনে র্যাব পরিচয়ে শহিদুল ইসলামের মোবাইলে কল করে ভয়ভীতির পাশাপাশি টাকা দাবী করে বলে তিনি মনে করেন। এই ঘটনায় মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দাখিল করে শহিদুল ইসলাম।
এ ব্যাপারে বাগমারা থানার ডিউটি অফিসার এএসআই আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।










