সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

বাগমারায় ভ্যানগাড়ি উল্টে  শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক৮ মে ২০২২১ মিনিট পড়া
বাগমারায় ভ্যানগাড়ি উল্টে  শিশুর মৃত্যু


বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ডুখোলপাড়া অচিনতলা মোড়ে ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উল্টে শায়েদুল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু উপজেলার ডুখোলপাড়া গ্রামের মিন্টু হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাবার ভ্যানগাড়ি নিয়ে বড় ভাই শামিমুল ইসলামের (১২) সঙ্গে বের হয় শায়েদুল ইসলাম। শামিমুল ভ্যানগাড়ি চালাচ্ছিল। বাড়ির পাশে ধানখেতে কাজ করা বাবার জন্য খাবার নিয়ে যায় দুই ভাই। খাবার পৌঁছে দিয়ে ভ্যানে করে কাটাধান নিয়ে বাড়িতে ফিরছিল তারা। দুপুর ১২টার দিকে ডুখোলপাড়ার অচিনতলায় মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে শায়েদুল ভ্যান থেকে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়। বড় ভাই শামিমুল সড়কের নিচে পড়ে সামান্য আঘাত পায়। দেখতে পেয়ে আশপাশের লোকজন শায়েদুলকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এস/আই