বিজ্ঞান ও প্রযুক্তি

বাংলাদেশের নিয়মনীতি মেনে চলা ও অফিস খোলায় গুরুত্ব দেবে ফেসবুক

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশে অফিস খোলা এবং বাংলাদেশের রেজুলেশন মেনে নিরাপদ ব্যবহারের বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছে ফেসবুক।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশে পর্নোগ্রাফি, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, প্রপাগান্ডাসহ নানাবিধ নিরাপত্তা বিষয়ে ফেসবুককে বাংলাদেশের রেজুলেশন মেনে নিরাপদ ফেসবুক ব্যবহারের ব্যবস্থা করার জন্য ফেসবুক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের নাগরিকদের ফেসবুকের নিরাপদ ব্যবহারের সুযোগ দিতে হবে। মোস্তাফা জব্বার বাংলাদেশের আইন, আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি, মূল্যবোধ এবং নিয়মনীতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, বাংলাদেশে আইন আছে, সেই আইন মোতাবেক ফেসবুককে কনটেন্ট এবং অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে।

প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে নানা বিষয়ে আলোচনার মধ্যে নাগরিক সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়প্রত্যয়ের বিষয়টি প্রাধান্য পায়। বৈঠকে ফেসবুক কর্তৃপক্ষ কন্টেন্ট প্রকাশে তাদের গ্লোবাল স্ট্যান্ডার্ডের বিষয়টি তুলে ধরেন।

বৈঠকে ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশের আইনি কাঠামো ও সংস্কৃতি মেনে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এ সময় ফেসবুক কর্তৃপক্ষ উল্লেখ করে তাদের সিস্টেম থেকে পর্নোগ্রাফি সরিয়ে নিয়ার কার্যক্রম চলছে, এটি ভবিষ্যতেও চলবে। এছাড়াও কন্টেন্ট বিষয়ে বিদ্যমান যে কোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য বাংলাদেশে অফিস খোলার বিষয়ে মন্ত্রী গুরুত্বারোপ করে বলেন, ‘রেসপন্স টাইমের বিষয়ে ফেসবুক যে দীর্ঘসূত্রিতা নেয় সেটিকে ইমিডিয়েট রেসপন্স টাইমে আনতে হবে। মন্ত্রী উল্লেখ করেন, সরকার কখনও চায় না ইন্টারনেট বন্ধ করতে।

বাংলাদেশের ৯৫ ভাগ ইন্টারনেট ব্যবহারকারী মোবাইলে। ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে তাদের অফিস খোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়ার কথা উল্লেখ করেছেন বৈঠকে। ফেসবুককে সঠিকভাবে বাংলা ভাষায় অনুবাদ এবং প্রয়োগ করতে বললেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

আর ফেসবুক যদি এ সক্ষমতা অর্জন করার ক্ষেত্রে সহযোগিতা চায়, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। মন্ত্রী বাংলা ভাষার জন্য সব ধরনের সহযোগিতা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রস্তুত উল্লেখ করে বলেন, ফেসবুকে বাংলা ভাষা ব্যবহারে কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা দূর করতে হবে। বাংলা ভাষাভাষী মানুষ যেন ফেসবুকে বাংলা পড়তে কোনো অসুবিধার মধ্যে না পড়েন।

মন্ত্রীর প্রস্তাবে অনুবাদসহ বাংলা ভাষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানায় ফেসবুক। বৈঠকে ফেসবুকের পক্ষে উপস্থিত ছিলেন, ফেসবুকের গ্লোবাল পলিসি সলিউশনের ভাইস প্রেসিডেন্ট রিচার্জ অ্যালান এবং সাউথ এশিয়ার হেড অব পলিসি অশ্বিনি রানা।