সিল্কসিটিনিউজ ডেস্ক:
অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে দক্ষিণ আফ্রিকা। এবার তাদের সামনে বাংলাদেশ।
কাগজে-কলমে দুই দলের শক্তির পার্থক্য স্পষ্ট। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখন পর্যন্ত আটটি টেস্ট খেলেও একটিতেও জিততে পারেনি বাংলাদেশ।
তবু প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। সতীর্থদের উদ্দেশে তার সতর্কবার্তা, আত্মতুষ্টিতে ভুগলে বিপদে পড়তে পারেন নিজেরাই।

রবিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। ঘরের মাঠের সিরিজ নিয়ে রাবাদা বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রতিটি ম্যাচেই অনেক কিছু পাওয়ার থাকে। আশা করি, আগের সিরিজের মতো এবারও রোমাঞ্চকর ক্রিকেট হবে।
এতে বোঝা যাবে, ক্রিকেট কতটা সুস্থ অবস্থায় আছে।’
বাংলাদেশের বিপক্ষে আত্মতুষ্টিতে ভোগার ঝুঁকিও দেখছেন রাবাদা। ৩১ বছর বয়সী পেসারের ভাষায়, ‘কখনো কখনো আমরা নিজেদের সেরাটা দিতে পারি না। অতীতে এমন পরিস্থিতিতে পড়েছি, যখন কিছুটা আত্মতুষ্টিতে ভুগেছি। এবার সেটি এড়াতে হবে।
নিজেদের মান ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়েও গুরুত্বপূর্ণ এই সিরিজ। তবে ফল নিয়ে ভাবছেন না রাবাদা। তিনি বলেছেন, ‘আমরা আসলে ফলাফল নিয়ে ভাবছি না। আমরা কীভাবে খেলতে চাই, সেখানেই মনোযোগ দেব। কারণ গত দুই বছর ধরে আমরা ঠিক এভাবেই খেলে আসছি, কীভাবে খেলতে চাই, সেসব নিয়ে ভাবছি এবং জয়ের জন্য মরিয়া মনোভাব ধরে রাখছি। প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারা– এটাই আমরা করতে চাই এবং করে আসছি। একই কাজটা করে যেতে চাই এই সিরিজেও।’
এই সিরিজের আগে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের পাঁচ দিনের লড়াই ক্রিকেটপ্রেমীদের মধ্যে টেস্ট ক্রিকেট নিয়ে নতুন আগ্রহ তৈরি করেছে। এবার বাংলাদেশের বিপক্ষেও রোমাঞ্চকর ক্রিকেট উপহার দিতে চান রাবাদারা।










