সিল্কসিটিনিউজ ডেস্ক:
‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করতে গিয়ে আবেগঘন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। সিনেমার একটি দৃশ্যের পর তার উচ্চারণ প্রশিক্ষক পায়ে হাত দিয়ে প্রণাম করেন।
এ ঘটনায় অবাক হয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী।
সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর পল্লবী রাজের সঙ্গে এক কথোপকথনে ঘটনাটি জানান সাই পল্লবী। তিনি বলেন, সীতার মতো কোটি মানুষের পূজনীয় একটি চরিত্রে অভিনয় করা তার কাছে শুধু অভিনয়ের কাজ ছিল না। চরিত্রটির সঙ্গে মানুষের গভীর আবেগ ও বিশ্বাস জড়িয়ে আছে, যা তিনি সেটে কাজ করতে গিয়ে উপলব্ধি করেছেন।

অভিনেত্রী জানান, তার উচ্চারণ প্রশিক্ষক তাঁকে প্রস্তুতি নিতে এবং চরিত্রটির জন্য কাজ করতে দেখেছেন। তার পরও একটি দৃশ্যের পর তিনি সাই পল্লবীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এমন ঘটনায় বিস্মিত হয়ে তিনি প্রশিক্ষককে প্রশ্ন করেন, তিনি এসব কেন করছেন।
সাই পল্লবী বলেন, প্রশিক্ষককে আবেগাপ্লুত হতে দেখে তিনি নিজেও কান্না ধরে রাখতে পারেননি।
ওই মুহূর্ত তাকে বুঝিয়েছে, সীতার চরিত্রটি মানুষের কাছে কতটা অর্থবহ। দর্শকের কাছ থেকে পাওয়া ভালোবাসায় তিনি কৃতজ্ঞ ও অভিভূত।
‘রামায়ণ’ পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। সিনেমাটিতে সাই পল্লবীর সীতার চরিত্রে অভিনয় তার জন্য বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠেছে।










