পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ৯ টায় উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম, নূর হোসেন নির্ঝর এর নেতৃত্বে শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পান্তা খাওয়ার আয়োজন, মেলা উদ্বোধন, এবং নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য মঞ্চায়িত হয়।

এর আগে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ এসো এসো গান পরিবেশনের মধ্যদিয়ে বাংলা নতুন বছরকে বরণের অনুষ্ঠান শুরু হয়।
তবে এবারের আয়োজনে অন্যান্য বছরের তুলনায় জনসমাগম হয়েছে চোখে ধরার মত। সোমবার সকাল থেকেই উপজেলা চত্তরে বর্ষবরণের নানা আয়োজন ছিল।
এসময় সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এদিকে পুঠিয়া উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।









