খেলা

বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

অলিম্পিকের মতো বড় টুর্নামেন্টে হট ফেভারিট দল আর্জেন্টিনা। বিশেষ করে ফুটবলে তাদের উপর বাড়তি নজর থাকে ক্রীড়ামোদিদের। কিন্তু রিও অলিম্পিকে গ্রুপপর্বের প্রথম ম্যাচেই হেরে ভক্তদের একরাশ হতাশা উপহার দিয়েছে দলটি।

আজ দ্বিতীয় ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে জিততে না পারলে রিও অলিম্পিকে তাদের টিকে থাকা অনিশ্চয়তার মুখে পড়তে পারে। টিকে থাকতে হলে অন্তত ড্র করে একটি পয়েন্ট পেতে হবে তাদেরকে।

গ্রুপ ‘ডি’তে প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ২-০ গোলে হারে আর্জেন্টিনা। কোপা আমেরিকা মেসি-ডি মারিয়ারা শিরোপা হারানোর পর এবং রিও অলিম্পিক নিয়ে আশাবাদী দলটি। তাই প্রথম ম্যাচে হারলেও আজকের ম্যাচে জিতে ঘুরে দাড়ানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে আলবিসেলেস্তেদের।
রিও ডি জেনিরোর  অলিম্পিক স্টেডিয়ামে আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৩টায়। আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচে আর্জেন্টিনা দলে ডাক পেতে পারেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড অ্যাঙ্গেল কোরেরা। গত ম্যাচে গোল হজম করলেও রিয়েল সোসিয়েদাদের গোলরক্ষক  জেরেনিমো রুলিও এই ম্যাচে সুযোগ পেতে পারেন।

অলিম্পিকে দুইবারের সোনা জয়ী দল আর্জেন্টিনাতে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। তবে মাঠের পারফরম্যান্স দিয়ে নিজেদের এখনও প্রমাণ করতে পারেননি তারা। মাঠে কয়েকজনের অভাব বেশ করে টের পেয়েছে আর্জেন্টিনা।

পাউলো দায়বালার কথা না বললেই নয়। লিওনেল মেসির পর সবচেয়ে সম্ভাবনাময় তারকা মনে করা হয় তাকে। জুভেন্টাসের হয়ে গত মৌসুমেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন ১৯ বছর বয়সী এই তরুণ। কিন্তু তাকে দলে রাখেনি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।

রিওতে সেরাটা পেতে অভিজ্ঞ নেইমারের কাঁধে অনূর্ধ্ব-২৩ দলের দায়ভার তুলে দিয়েছে ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনা দলে সেই মানের অভিজ্ঞ কেউ নেই বলেই হয়তো সাফল্যের সোনার হরিণের দেখা পেতে দেরি হচ্ছে দলটির।

তবে প্রথম ম্যাচের হতাশা ভুলে আজ জয়ের প্রত্যয় নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। হারিয়ে দিতে চাইবে আলজেরিয়াকে। তবে আর্জেন্টিনাকে কি জিততে দিবে আলজেরিয়া?

প্রথম ম্যাচে হন্ডুরাসের কাছে নাটকীয়ভাবে ২-৩ ব্যবধানে হেরে বসা দলটিরও আসরে টিকে থাকতে হলে আজও জয় চাই। ‘ডি’ গ্রুপের অপর ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে পর্তুগাল। দুই দলের মধ্যকার জয়ী দলটিই পরের রাউন্ডে এগিয়ে যাবে।
সূত্র: রাইজিংবিডি