সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
প্রথম দুই ম্যাচেই হার সঙ্গী হয়েছে। পাঁচ ম্যাচ সিরিজে টিকে থাকতে হলে জোহানেসবার্গে শনিবার তৃতীয় ওয়ানডে ম্যাচটি জিততেই হবে শ্রীলঙ্কাকে। কিন্তু সেটি আর হচ্ছে কই? ৬০ রানের উদ্বোধনী জুটির পরও নাটকীয় ব্যাটিং ধসে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৬৩ রানে।
জোহানেসবার্গে শনিবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। নিরোশান ডিকভেলা ও উপুল থারাঙ্গা ১১ ওভারে গড়েন ৬০ রানের উদ্বোধনী জুটি। থারাঙ্গার (৩১) বিদায়ে ভাঙে এ জুটি। এরপর ডিকভেলা এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১২৫।

তবে ধসের শুরুটা হয় ডিকভেলা (৭১) ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার পরপরই। ৫ উইকেটে ১৪৯ থেকে শ্রীলঙ্কা অলআউট ১৬৩ রানে, ১৪ রানে নেই শেষ ৫ উইকেট। ১৯ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ডোয়াইন প্রেটোরিয়াস। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩ ওভারেই বিনা উইকেটে তুলেছে ২১ রান।
সূত্র: রাইজিংবিডি










