সিল্কসিটিনিউজ ডেস্ক:
টানা অষ্টমবারের মতো বিশ্বে বসবাসের জন্য সবচেয়ে সুন্দর শহর নির্বাচিত হলো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। আর ২৩১ শহরের এ তালিকায় ঢাকার অবস্থান ২১৪। গতবছর ঢাকার অবস্থান ছিল ২০৪ নম্বরে। তালিকায় ২৩১তম স্থান নিয়ে বসবাসের সবচেয়ে অযোগ্য শহর হিসেবে বিবেচিত হয়েছে যুদ্ধবিধ্বস্ত ইরাকের রাজধানী বাগদাদ। এই প্রতিবেদনটি তৈরি করেছে নিউ ইয়র্কভিত্তিক পরামর্শ সেবাদানকারী সংস্থা মার্সার।

‘এইটিনথ কোয়ালিটি অব লাইফ র্যাঙ্কিং’ শীর্ষক এ তালিকায় ভিয়েনার পরই রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ। এরপর যথাক্রমে নিউজিল্যান্ডের অকল্যান্ড, জার্মানির মিউনিখ ও কানাডার ভ্যানকুভার।
জীবন-যাপনের মানের বিভিন্ন দিক বিবেচনায় প্রতিবছর বিশ্বের সেরা শহরের একটি তালিকা তৈরি করে মার্সার। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিশ্বের ২৩১টি শহরের উপর এই জরিপ করা হয়।
তালিকায় লন্ডন, প্যারিস, নিউইয়র্ক কিংবা টোকিওর মত শহরগুলো শীর্ষ ৩০ এর মধ্যেও নেই। এশিয়ায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এর অবস্থান ২৫। তালিকার ২৯ তম স্থান নিয়ে যুক্তরাষ্ট্রে শীর্ষে রয়েছে সান ফ্রান্সিসকো।
ভিয়েনার জনসংখ্যা ১৮ লাখ। দেশটিতে খাবার, পরিবহন ব্যয় থেকে শুরু করে থিয়েটার, জাদুঘর ও অপেরার সব জায়গাতেই ব্যয় পশ্চিমা দেশগুলোর তুলনায় কম। ভিয়েনার সুগঠিত নগর কাঠামো, নিরাপদ রাস্তাঘাট আর ভালো গণস্বাস্থ্য সেবা শহরটিকে বসবাসের জন্য বিশ্বের সেরা শহরে পরিণত করে তুলেছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।
২০০৩ সালে মার্কিন আগ্রাসনের পর থেকে সহিংসতার শিকার বাগদাদ বসবাসের অযোগ্যের শীর্ষে। ছয় বছর ধরে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্ক রয়েছে তালিকার সপ্তম স্থানে। এছাড়া শেষের দিকে আছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের বাঙ্গুই ও ইয়েমেনের রাজধানী সানা’র নাম
সূত্র: বাংলা ট্রিবিউন










