নাটোর

বড়াইগ্রামে বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোয় প্রতিবেশীদের সঙ্গে সংঘর্ষে নিহত এক

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় একজন নিহত হয়েছেন। তার নাম কামাল ব্যাপারী (৪৫)।

গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও মানিকপুরের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি সম্পর্কে বর সুমন ব্যাপারীর চাচা।

প্রতিবেশী রতন আলী বলেন, রোববার কামাল ব্যাপারীর ভাতিজা সুমন ব্যাপারীর বিয়ের কথা ছিল। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুর থেকে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চ শব্দে গান-বাজনা বাজানো হচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী সামসুল ব্যাপারী, শাজাহান ব্যাপারী ও শাহাদত ব্যাপারী উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা কামাল ব্যাপারীর ওপর হামলা চালায়। তাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তবে সামসুল ব্যাপারী বলেন, ‘তারা উচ্চ শব্দে গান বাজাচ্ছিল। নিষেধ করলে আমাদের মারধর করে। কামাল ব্যাপারী কীভাবে মারা গেছে, আমাদের জানা নেই।’

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।