সিল্কসিটিনিউজ ডেস্ক :
তাড়াতাড়ি নাশতার অন্যতম একটি উপকরণ হচ্ছে পাউরুটি। হাতে সময় কম থাকলে মাখন দিয়ে পাউরুটি খেয়ে অফিসে বা কাজে চলে যান অনেকেই। আবার ছোটরাও মাঝেমধ্যে ডিম টোস্ট বা স্যান্ডউইচ খেতে পছন্দ করে। তাই মধ্যবিত্তের খাবার তালিকায় পাউরুটি থাকেই।
পাউরুটি মোটামুটি ২-৩ দিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যায়। কিন্তু অনেকেই প্লাস্টিকে পাউরুটি মুড়ে রেখে দেন। আবার কেউ কেউ ওই পাউরুটি ৭ দিন পর্যন্ত রেখে দেন। কিন্তু এভাবে পাউরুটি রাখা বা খাওয়া উচিত নয়।

পাউরুটি সংরক্ষণের আগে কিছু নিয়ম মেনে চলতে হবে। চলুন, জেনে নেওয়া যাক—
প্লাস্টিক এড়িয়ে চলুন
প্লাস্টিকে কোনো খাবারই মুড়ে রাখবেন না। এতে খাবার দ্রুত পচে যায়, পাশাপাশি খাবার জীবাণুর আঁতুড়ঘর হয়ে ওঠে। পাউরুটি কাগজের ব্যাগে মুড়ে রাখতে পারেন।
ব্রাউন পেপারে পাউরুটি মুড়ে রাখলে তা সবচেয়ে ভালো থাকে। কিংবা সুতির কাপড়ে মুড়েও পাউরুটি সংরক্ষণ করা যায়। পাউরুটি টাটকা রাখতে ব্রেডবক্স ব্যবহার করতে পারেন। ব্রেডবক্সে পাউরুটি ভরে ফ্রিজে রাখলে তা দীর্ঘদিন পর্যন্ত টাটকা থাকে।
ফ্রিজ ছাড়া যেভাবে পাউরুটি টাটকা রাখবেন
সবসময় পাউরুটি ফ্রিজে রাখা সম্ভব হয় না।
সেক্ষেত্রে রান্নাঘরেই পাউরুটি রাখতে পারেন। এমন জায়গায় পাউরুটি রাখবেন, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। শুকনা ও অন্ধকার জায়গায় পাউরুটি সংরক্ষণ করুন। আর্দ্রতার সংস্পর্শে এলে পাউরুটি শক্ত হয়ে যেতে পারে। তাই প্লাস্টিকে মুড়ে ফ্রিজেও পাউরুটি রাখবেন না।
দুই-তিন দিনের বেশি পাউরুটি সংরক্ষণ করবেন না
মেয়াদ উত্তীর্ণের পরে একেবারেই পাউরুটি খাওয়া যাবে না। এমনকি মেয়াদ উত্তীর্ণ না হলেও দু-তিন দিন পরে আর ওই পাউরুটি খাওয়া উচিত নয়। যে দিন পাউরুটি কিনবেন, তার দুই দিনের মধ্যে শেষ করে ফেলুন। খোলা হাওয়ায় পাউরুটি পড়ে থাকলে, তা আর খাওয়ার যোগ্য থাকে না।
দু-এক দিনের জন্য পাউরুটি সংরক্ষণ করতে চাইলে তা রান্নাঘরেই রাখতে পারেন। তিন-চার দিনের জন্য সংরক্ষণ করতে হলে ব্রেডবক্স বা ব্রাউন পেপারে ভরে পাউরুটি ফ্রিজে রাখুন।









