রাজশাহী

ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, সরেজমিনে রাসিকের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক২৪ জুন ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেছে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রতিনিধি দল। এ সময় নির্ধারিত হারে টোল আদায় নিশ্চিত করতে ফেরিঘাট এলাকায় স্থায়ীভাবে দুটি টোল চার্ট স্থাপনের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে।City &

বুধবার চর মাজারদিয়াড়বাসীর পক্ষ থেকে আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তুলে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দেন এবং চরবাসীর সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে রাসিকের একটি প্রতিনিধি দল আমিরপুর ফেরিঘাট পরিদর্শনে যায়। পরিদর্শনের সময় তারা ফেরিঘাটে স্থায়ীভাবে দুটি টোল চার্ট স্থাপনের জন্য স্থান নির্ধারণ করে দেন, যাতে সাধারণ মানুষ নির্ধারিত টোল সম্পর্কে সহজেই জানতে পারেন।

প্রতিনিধি দল সংশ্লিষ্টদের নির্ধারিত টোল চার্ট অনুযায়ী টোল আদায়ের নির্দেশনা দেয়। পাশাপাশি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত অর্থ আদায় বা নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

পরিদর্শনকালে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।