সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিতর্ক যেন পিছুই ছাড়ছে না সিডনি সুইনির। গত বছর একটি জিনসের বিজ্ঞাপন করে হয়েছেন বিতর্কিত। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি-সাজপোশাক নিয়েও সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক চর্চা দেখা যায়। এবার তিনি ঘটালেন আরেক কাণ্ড।
বিখ্যাত হলিউড সাইনের ‘নারী অন্তর্বাস’ ঝুলিয়ে তৈরি করলেন বিতর্ক।
সোমবার রাতে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সিডনি। তাতে দেখা যায়, কয়েজনের একটি দল নিয়ে তিনি হলিউড হিলসে গেছেন। এরপর ব্যাগে থাকা একগুচ্ছ নারী অন্তর্বাস জোড়া দিয়ে হলিউড সাইনের অক্ষরগুলোর ওপর ঝুলিয়ে দেন।

জানা গেছে, এটি একটি নারী অন্তর্বাস ব্র্যান্ডের প্রচারণার অংশ।
কিন্তু বিপত্তি বাধল হলিউড চেম্বার অব কমার্সের দাবিতে। ঐতিহাসিক ওই নিদর্শনের মেধাস্বত্ব প্রতিষ্ঠানটির। তারা জানিয়েছে, এমন কোনো প্রচারণার জন্য তাঁদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি।
এক বিবৃতিতে হলিউড চেম্বার অব কমার্সের প্রধান স্টিভ নিসেন বলেন, ‘যে কেউ বাণিজ্যিক উদ্দেশ্যে হলিউড সাইন ব্যবহার করতে বা সেখানে যেতে চাইলে অবশ্যই চেম্বারের কাছ থেকে লাইসেন্স বা অনুমতি নিতে হবে। সিডনি সুইনি ও হলিউড সাইনকে ঘিরে যে প্রযোজনার কথা জানা গেছে, সেটি আমাদের অনুমোদিত ছিল না। এ বিষয়ে আমরা কিছু জানতাম না।’
এদিকে বিতর্কে থাকলেও প্রেক্ষাগৃহে রমরমা ব্যবসা করছে সিডনির ছবি ‘দ্য হাউজমেইড’। মাত্র ৩৫ মিলিয়ন ডলারের ছবিটি এরই মধ্যে ৩০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে।
ছবিটির দ্বিতীয় কিস্তিও আসবে।









