সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

ফতুল্লায় ছাত্র ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নিউজ ডেস্ক৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া
ফতুল্লায় ছাত্র ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসা থেকে রফিকুল ইসলাম নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯।

২৮ বছর বয়সি রফিকুলের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বরুনদা গ্রামে। তিনি মুসলিমনগরের তাহসিনুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

৯৯৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকালে মুসলিমনগর থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, মাদ্রাসার এক শিক্ষক ১৭ বছর বয়সি এক ছাত্রকে ধর্ষণ করেছেন। এ অভিযোগে স্থানীয় লোকজন শিক্ষককে মারধর করে আটকে রেখেছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ খবর পেয়ে ৯৯৯ এর তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফতুল্লা থানাকে বলা হয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় রফিকুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী এক বছর আগে কোরআন হেফজ করার জন্য মাদ্রাসাটিতে ভর্তি হয়। এক বছর ধরেই রফিকুল ভয়ভীতি দেখিয়ে তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠেছে।

সবশেষ ৩১ অগাস্ট রাতের নিপীড়নে ওই ছাত্র অসুস্থ হয়ে পড়ে। পরে তার মা তাকে বাসায় নিয়ে গিয়ে বিষয়টি জানতে পারেন। এরপর স্থানীয় লোকজনকে নিয়ে মাদ্রাসাটি ঘেরাও করা হলে রফিকুল অভিযোগ স্বীকার করেন।

এ ঘটনায় ছাত্রের মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।