সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
দিনশেষে ভারত ৩ উইকেট হারিয়ে ৩৫৬ রান সংগ্রহ করেছে। বাংলাদেশের বিপক্ষে টেস্টের প্রথম দিনে ভারতের টার্গেট ছিল ৩৪০ রান তোলার। তার চেয়ে ১৬ রান বেশি তুলেছে তারা। আর সেটার কৃতিত্ব মুরালি বিজয় দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলিকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুরালি বিজয় বলেন, ‘বিরাট কোহলির খেলা সব সময়ই আমার ভালো লাগে। বর্তমানে সে যেভাবে খেলছে সেটা অসাধারণ। আমরা দিনশেষে স্কোরবোর্ডে ৩৪০ রানের মতো জমা করতে চেয়েছিলাম। কিন্তু সেটা এখন ৩৫৬। ১০-২০ রান বেশি এসেছে কেবল বিরাট কোহলির কারণে। সে যেভাবে বলে স্ট্রাইক করছিল সেটা দারুণ ছিল। আমি মনে করি নতুন বল নেওয়ার পর সেটা আরো দ্রুত ব্যাটে আসছিল। সে নিশ্চই একটা পরিকল্পনা নির্ধারণ করেছে। সেটা তার জন্য ভালো কাজ করছে। আশা করছি সে এভাবেই ব্যাট চালিয়ে যাবে।’

২ রানেই উইকেট হারায় ভারত। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারা ১৭৮ রান তোলেন। নিজেদের জুটির বিষয়ে তিনি বলেন, ‘আমরা দুজন দুজনের সঙ্গ বেশ উপভোগ করি। মিডল অর্ডারে সে একজন সলিট ব্যাটসম্যান। সে আমার জন্য কাজটা সহজ করে দেয়। আমরা দুজনেই দুজনকে সাধ্যমতো সহায়তা করি। আর সেটা আমাদের জন্য ব্যাটিংটা সহজ করে তোলে।’
সূত্র: রাইজিংবিডি










