সিল্কসিটিনিউজ ডেস্ক :
আমাদের প্রতিদিনের খাবার যেমন ভাত, রুটি, ডাল, ডিম, মাছ, মাংস, বাদাম ও বীজজাতীয় খাবার থেকেই শরীরের প্রয়োজনীয় চর্বির একটি বড় অংশ মিলে যায়। তাই আলাদাভাবে রান্নায় অতিরিক্ত তেল ব্যবহার করার প্রয়োজন খুব বেশি থাকে না। তবুও অনেক সময় অজান্তেই বেশি তেল খরচ হয়ে যায়, যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
১ গ্রাম তেল বা চর্বি থেকে শরীর পায় প্রায় ৯ কিলোক্যালরি শক্তি—যা অন্যান্য পুষ্টি উপাদানের তুলনায় অনেক বেশি।

তাছাড়া বেশি তেল দিয়ে উচ্চতাপে রান্না করলে অনেক সময় তেল ক্ষতিকর উপাদানে পরিণত হয়। তাই সচেতনভাবে রান্নায় তেল কমানো দরকার। চলুন, জেনে নিই কিছু কার্যকর উপায়।
নন-স্টিক পাত্র বা এয়ার ফ্রায়ার ব্যবহার করুন
ননস্টিক ফ্রাইপ্যান বা রোস্টিং প্যানে সামান্য তেল ব্রাশ করে রান্না করুন।
ঢাকনা ব্যবহার করলে কম তেলে সহজে সিদ্ধ হয়ে যায়। এ ছাড়া এয়ার ফ্রায়ার ব্যবহার করে একেবারেই তেল ছাড়াই অনেক খাবার রান্না করা যায়।
বেক, সিদ্ধ বা ভাপে রান্নার অভ্যাস
খাবার কষিয়ে বা ডুবো তেলে ভাজার বদলে সিদ্ধ, ভাপে বা বেক করে রান্না করুন। মাছ-মাংস বা সবজি অল্প পানিতে সেদ্ধ করে পরে প্রয়োজনমতো মশলা মিশিয়ে ওভেনে বেক করে খেলে তেলের ব্যবহার অনেক কমানো যায়।
তেল ঢালার আগে মেপে নিন
তেল সরাসরি বোতল থেকে ঢালার বদলে চামচ দিয়ে মেপে ব্যবহার করুন। এতে কতটা তেল ব্যবহার হচ্ছে, তার হিসাব রাখা সহজ হবে।
তেল নয়, মসলা কষাতে পানি ব্যবহার
রান্নার সময় পেঁয়াজ, রসুন, মসলা কষাতে তেলের বদলে সামান্য পানি দিয়ে কষান। এতে স্বাদও বজায় থাকে, আবার তেলও কম লাগে।
শাকসবজি ভাপে রান্না করুন
শাকসবজিতে থাকে প্রচুর ভিটামিন ও খনিজ লবণ, যা বেশি তাপে রান্না করলে নষ্ট হয়ে যায়।
তাই শাকসবজি ভাপে রান্না করুন, অথবা স্যুপ বা সালাদ হিসেবে খান। এতে পুষ্টিও রক্ষা পাবে, তেলও লাগবে না।
অতিরিক্ত তেল খাওয়ার ফলে শরীরে অতিরিক্ত ক্যালরি জমে, যা ওজন বাড়ানোসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। তাই রান্নায় তেল কমিয়ে সঠিক উপায়ে স্বাস্থ্যকর খাবার তৈরি করলে শরীর সুস্থ থাকবে এবং খরচও কমবে।
সূত্র : আজতক









