পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় প্রতি বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হচ্ছে ‘গণশুনানি’ কার্যক্রম।
জনগনের সময়-অর্থ-উপস্থিতি বা হাজিরা কমিয়ে এনে সরকারী দপ্তরের সেবাসমূহ জনগনের দোড়গোরায় পৌছে দেয়ার লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনায় দেশের প্রতিটি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সপ্তাহের প্রতি বুধবার এ ‘গণশুনানি’ কার্যক্রম চালু করা হয়েছে।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান সিল্কসিটি নিউজকে জানান, জনগণ যাতে সরকারী দপ্তরগুলোর অভাব-অভিযোগ, চাহিদা-প্রাপ্তি, আশা-প্রত্যাশাগুলো সহজ ভাষায় প্রকাশ করে তাৎক্ষনিক ভাবে সহজ সমাধান পায় সে লক্ষে প্রতি সপ্তাহে বুধবার (সরকারী ছুটির দিন ব্যতিত) সকাল সাড়ে দশটায় গণশুনানির দিন ধার্য করা হয়েছে।
তিনি বলেন, গণশুনানির সময় এ উপজেলার প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে উপজেলা সদরে বসবাসরত সকল সাধারণ জনগনের অভিযোগ, প্রত্যাশা, দাবি এবং চাহিদা তাদের নিকট হতে শুনে তাৎক্ষনিক ভাবে সমাধান করা বা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
গণশুনানি কার্যক্রম পুঠিয়া উপজেলাসহ দেশের সকল শ্রেণী-পেশার মানুষের সরকারী সেবা প্রাপ্তিতে অত্যন্ত কার্যকরী ও সহায়ক ভুমিকা পালন করবে বলে তিনি শতভাগ আশাবাদ ব্যাক্ত করেন।
স/শ










