দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুরে এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন করে বেশ কয়েকটি পরিবার।
শুক্রবার ( ৬ জুন) সকাল ৭ টা ৩০ মিনিটে কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদুল আজহার এই নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজের ইমামতি করেন ঢাকা থেকে আসা আনোয়ার হোসেন। নামাজে মুসল্লিদের উপস্থিত ছিল মোট ৯ জন। পুরুষ মুসল্লি ৭ জন এবং মহিলাদের উপস্থিতি ছিলো ২ জন। নামাজ শেষে তারা পশু কোরবানি করেন।
ঈদের নামাজ আদায় করা একাধিক ব্যক্তি জানান, তারা গত ৪ বছর থেকে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের সালাত আদায় করে আসছেন এ মসজিদে।
ঈদের নামাজ শেষে ইমাম আনোয়ার হোসেন বলেন, মানুষ মনে করে সৌদি আরবে ঈদ হচ্ছে তাই আমাদের এই স্থানে ঈদ হচ্ছে আসলে ব্যাপারটা তা না। চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য উঠেনি। চাঁদ উঠে সারা পৃথিবীর জন্য। পৃথিবীর পরিসীমা যেহেতু অনেক বড় তাই বিভিন্ন দেশ থেকে আমরা চাঁদ দেখতে পাই না। সেটা আমাদের ব্যর্থতা।
কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ইমাম আব্দুর রহিম গাজী বলেন, সৌদি আরব পৃথিবীর মূল কেন্দ্র সে কারণে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা হয়। আমরা ঈদ পালন করে আসছি ২০১৩ সাল থেকে। তবে মসজিদে ঈদের সালাত আদায় করছি গত ৪ বছর থেকে।









