পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী যাদুঘর এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। প্রতিনিয়তই রাজবাড়ীটিতে ঘুরতে ও পরিদর্শনে আসেন দেশ-বিদেশের নানা শ্রেণী ও পেশার মানুষ।
এরই ধারাবাহিকতায় বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার সময় রাজবাড়ীটি পরিদর্শনে আসেন মার্কিন রাষ্ট্রদূত (ভারপ্রাপ্ত) ট্রেসি অ্যান জ্যাকবসন। একই সাথে রাজবাড়ীটির বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন তিনি।

এছাড়াও তিনি ঘুরে দেখেন পুঠিয়া রাজবাড়ীতে নির্মিত যাদুঘর, রানীরঘাট, গোবিন্দ মন্দির, আন্নিক মন্দির, শিবমন্দিরসহ বিভিন্ন স্থাপনা। রাজবাড়ীটি পরিদর্শন কালে রাষ্ট্রদূতের চোখে মুখে উচ্ছলতা দেখা যায়।
এ সময় তিনি নিজে থেকেই বলেন, রাজবাড়ীটির আরো অনেক উন্নয়ন দরকার। তাই ভবিষ্যতে মার্কিন রাষ্ট্রদূতের পক্ষ থেকে রাজবাড়ীটির উন্নয়নে তাদের নজর থাকবে বলে তিনি জানান। সফরকালে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ছাড়াও তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন সফরসঙ্গী।
এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার, এ কে এম নূর হোসেন নির্ঝর, অফিসার ইনচার্জ কবির হোসেন, জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দসহ রাজবাড়ী রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীগণ।









