নিজস্ব প্রতিবেদক :
পাবনায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আটঘরিয়া ও সদর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আটঘরিয়া উপজেলায় একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকচালক কায়ুম (২২) ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে পাবনা সদর উপজেলার চকজয়েনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় অনু নামের এক ব্যক্তি নিহত হন। এসব ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে।

পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. জাহিদুল ইসলাম জানান, পৃথক দুটি দুর্ঘটনায় দুজন নিহত এবং তিনজন আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









