সিল্কসিটিনিউজ ডেস্ক:
পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমে গড়লেন এক অনন্য বিশ্বরেকর্ড। যদিও ম্যাচটি পাকিস্তান ১১ রানে হেরে বসেছে, তবু শাহিন ব্যক্তিগত কীর্তি দিয়ে আলো ছড়িয়েছেন।
শাহিন আফ্রিদি ক্রিকেটের তিন ফরম্যাটেই ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন। তার আগে এই অসাধারণ কীর্তি বিশ্ব ক্রিকেট অর্জন করেছিলেন মাত্র তিনজন বোলার। তারা হলেন- বাংলাদেশের সাকিব আল হাসান, নিউজিল্যান্ডের টিম সাউদি এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। তবে বয়সের হিসেবে শাহিন তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন। মাত্র ২৪ বছর ২৪৯ দিনে এই রেকর্ড গড়ে ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন তিনি।

গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শাহিন তার কোটার শেষ ওভারে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০০তম উইকেটটি শিকার করেন। এদিন তিনি মোট ৩ উইকেট তুলে নেন। রাসি ভ্যান ডার ডুসেনকে বোল্ড করে যাত্রা শুরু করেন। পরে ৪০ বলে ৮২ রান করা মিলারকে বিদায় করে ঝড় থামান। সবশেষ এনকাবায়োমজি পটারকে তুলে নিয়ে বিশ্বরেকর্ড গড়ে থামেন তিনি।
শাহিনের এই পারফরম্যান্সের পরেও সতীর্থদের ব্যর্থতায় জয়ের দেখা পায়নি পাকিস্তান।









