রাজশাহীর খবর

পশ্চিমাঞ্চল রেলওয়ে/ লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:


পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দরপত্র দাখিল সম্পন্ন হয়েছে। বাকিগুলোর পর্যায়ক্রমে দরপত্র আহ্বায়ন করা হবে। রাজস্ব ঘাটতির কারণে ১১টি মেইল ও লোকাল ট্রেন ইজারা দেওয়া হবে। ফলে ওইসব ট্রেনগুলো লাভের মুখ দেখবে বলে আশা কর্তৃপক্ষের। বর্তমানে পশ্চিমাঞ্চলে সাত জোড়া (১৪টি) ট্রেন বেসরকারিভাবে চলাচল করছে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে ছয়টি আন্তর্জাতিক (ভারত) ট্রেন, ৬২টি আন্তনগর ট্রেন, ৫৫টি মেইল ও কমিউটার ট্রেন এবং ১২টি লোকাল ট্রেন চলাচল করে। এর মধ্যে বেসরকারি অপারেটরদের কাছে ২৪টি মেইল, কমিউটার ও লোকাল ট্রেন ইজারা দিয়ে প্রতি মাসে আয় করছে প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকা। তবে রাজস্ব বাড়াতে ১১টি মেইল ও লোকাল ট্রেন বেসরকারি অপারেটরদের কাছে হস্তান্তর করা হবে। ফলে প্রতি বছর মোটা অংকের লোকসান থাকবে না, বাড়বে রাজস্ব।

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক আহসান উল্লাহ ভূঁইয়া বলেন, লোকাল ট্রেন থেকে কম আয় হয়। তার অন্যতম প্রধান কারণ যাত্রীদের টিকিট কিনতে অনীহা। রাজস্ব বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। সব মেইল ও লোকাল ট্রেনে সঠিকভাবে টিকিট পরীক্ষা করার জন্য রেল কর্তৃপক্ষের পর্যাপ্ত জনবলের অভাবে বিপুল রাজস্ব ক্ষতি হয়েছে।