সিল্কসিটিনিউজ ডেস্ক:
বার্ষিক পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রলির চাপায় না ফেরার দেশে বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আজমেরী আক্তার মীম (১২)। সে উপজেলার কালাইয়া গ্রামের আ. হালিমের মেয়ে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১টায় বামনা উপজেলার পাথরঘাটা-ঢাকা মহাসড়কের জাফ্রাখালী ব্রিজের ঢালে বিদ্যালয়টির গেটসংলগ্ন সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা ট্রলিসহ চালক হাসানকে আটক করেছে।

বিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ নেয় মীম। ইসলাম ধর্ম বিষয়ে পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল সে। বিদ্যালয়ের প্রধান ফটক পার হতেই পাথরঘাটা ঢাকা মহাসড়কে ব্রিজ পার হচ্ছিল মীম। এ সময় পেছন থেকে ট্রলিটি মীমকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই নিহত হয় সে।
এ ঘটনায় একটি মোটরসাইকেল অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।
এ ঘটনায় জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে যৌথ বাহিনী গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান ও বামনা থানার ওসি হারুন অর রশিদ হাওলাদারসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ হাওলাদার বলেন, তারা এখনো ঘটনাস্থলে রয়েছেন। সেখান থেকে ফিরে বিস্তারিত জানাবেন।









