নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে নওগাঁ-ধামুইরহাট আঞ্চলিক মহাসড়কের নজিপুর কাঁচাবাজার সংলগ্ন হরিরামপুর মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত কলেজ ছাত্র সিয়াম হোসেন (১৮) রাজশাহী বরেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি নজিপুর পৌরসভার ঘোষপাড়া মহল্লার আবু হানিফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে নওগাঁ-ধামইরহাট সড়কের নজিপুর গোল চত্বর থেকে ধামইরহাটের দিকে যাচ্ছিলেন সিয়াম হোসেন। এ সময় নজিপুর কাঁচাবাজার সংলগ্ন হরিরামপুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় সে।
তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে প্রথমে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহীতে নেয়ার সময় পথে জেলার মহাদেবপুর এলাকায় তার মৃত্যু হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় সিয়াম হোসেন নামে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছেন। পরে তাকে রাজশাহীতে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে এঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
জি/আর









