সিল্কসিটিনিউজ ডেস্ক:
নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার মাইলোড়া রামকৃষ্ণ মন্দিরের পূর্ব পাশে পুকুরঘাটসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
পরে আহত সুজনকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ নিহত হন। এর তিন দিনের মাথায় জেলায় আবারও গুলির ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

সুজন পাল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে।
তিনি মোহনগঞ্জের মনোরমা মিষ্টান্ন ভাণ্ডারে কাজ করেন। স্ত্রী টুম্পা পালকে নিয়ে মাইলোড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে মাইলোড়া রামকৃষ্ণ মন্দিরের প্রায় ১০০ মিটার পূর্বে একটি পুকুরে হাত-মুখ ধুতে যান সুজন। পরে পুকুরঘাট থেকে পাকা সড়কে ওঠার সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসে।
তাদের মুখে মাস্ক ছিল। তাদের একজন অস্ত্র বের করলে সুজন দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে লক্ষ্য করে পেছন থেকে গুলি করা হয়। পরে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।
স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় সুজনকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক ক্লান্তি জানান, সকাল ৬টা থেকে ৭টার মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় সুজন হাসপাতালে আসেন। তার অবস্থা বিবেচনায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, গুলিতে একজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কী কারণে সুজনকে গুলি করা হয়েছে এবং হামলাকারীরা কারা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম চলছে।









