অপরাধ ও দুর্নীতি

নীলফামারীতে গৃহবধূকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক১ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খালেদা আক্তার (২৮) নামের তিন সন্তানের জননী ও ৭ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে। আজ সোমবার সকালে ওই গৃহবধূর মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, ওই গৃহবধূর স্বামী আজহারুল ইসলাম ওরফে বাবু নীলফামারীর জলঢাকা উপজেলার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি জলঢাকায় থাকতেন। আর ওই গৃহবধূর দুই বড় মেয়ের মধ্যে একজন থাকে নীলফামারীতে খালার বাড়িতে।

অপরজন থাকে কিশোরীগঞ্জ উপজেলা ছিটরাজিব গ্রামের নানার বাড়িতে। ওই গৃহবধূ তার ৫ বছরের ছেলে সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন। এ ছাড়া গৃহবধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এলাকাবাসী জানান, আজ সকালে ওই গৃহবধূর ৫ বছরের শিশু সন্তান খালেক সাইফুল্লা কান্নাকাটি করছিল। প্রতিবেশীরা এসে দেখতে পায় ঘরের দরজা খোলা। ঘরের ভেতর ওই গৃহবধূর গলা কাটা লাশ বিছানার ওপর পড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে রোববার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

কিশোরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, ঘটনাটি রহস্যজনক। লাশ উদ্ধার করা হয়েছে।

সূত্র: রাইজিংবিডি