রাজশাহী

নির্যাতিত মোটর শ্রমিক ঐক্য সমগ্র বাংলাদেশ- রাজশাহী জেলা কমিটির আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “নির্যাতিত মোটর শ্রমিক ঐক্য সমগ্র বাংলাদেশ”-এর রাজশাহী জেলা কমিটি।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে নগরীর কিষ্টগঞ্জ ফনি মিস্ত্রির গ্যারেজ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রাজশাহী জেলা কমিটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ মোল্লা।

এসময়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন সোহাগ, সহ-সভাপতি হাসেম শেখ, সহ-সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, গাজীপুর জেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ মোল্লা বলেন, দেশের পরিবহন খাতের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকদের নিরাপত্তা, কাজের স্বীকৃতি এবং জীবনমান উন্নয়নের বিষয়গুলোতে সংগঠনটি সবসময় ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সুমন হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান সালাম শেখ। এ ছাড়া অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় নেতারা তাঁদের বক্তব্যে বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাঁদের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব।

অনুষ্ঠান শেষে নতুন কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।