সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকে নির্বাচনে বাধা দিতে চায়। আমরা সরকারকে পরিষ্কার করে বলতে চাই, নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ তত পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না। চাকরির সুযোগ তৈরি হবে না। জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেজন্য দরকার একটি নির্বাচিত সরকার। যে সরকারের পেছনে মানুষ আছে, জনসমর্থন আছে। নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোনো সরকার হতে পারে না।
সোমবার (৭ জুলাই) দুপুরে সিলেট নগরীর পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক আয়োজিত অনুষ্ঠানটি ছিল ‘বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএ মালেক। সঞ্চালনা করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা লড়াই করছি ভোটের অধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি ঠিকই কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ এখনো চলমান। নতুন করে আমরা সংগ্রাম শুরু করলাম তরুণ নেতা তারেক রহমানকে সামনে রেখে। আমাদের একটাই কথা, গণতান্ত্রিক বাংলাদেশ চাই, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। বিএনপির ৩১ দফাতেই দেশের ভবিষ্যৎ।’
বিগত সরকার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এমনি এমনি হঠাৎ করে হাসিনা পালায়নি। বহুদিনের সংগ্রাম, বহু মানুষের ত্যাগ, বহু মানুষের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। ফ্যাসিবাদমুক্ত হলাম ঠিক আছে, কিন্তু আমরা বলছি লড়াই তো গণতন্ত্রের লড়াই, আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যেখানে মানুষ ভোট দেবে, কথা বলার সুযোগ পাবে, তরুণরা কাজের সুযোগ পাবে, নারীরা নিরাপত্তা পাবে, চিকিৎসার সুযোগ পাবে, এরকম একটি রাষ্ট্র। এজন্য আমরা নতুন করে সংগ্রাম শুরু করেছি।’
তিনি বলেন, ‘চব্বিশের আগে ১৫ বছর আমাদের সিলেটের বহু নেতা-কর্মী, ভাই গণতন্ত্রের জন্য রাস্তায় রক্ত দিয়েছেন, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হাতে-পায়ে বেড়ি দিয়ে বন্দি করে রাখা হয়েছে। চব্বিশে আমার ভাই, আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে হাসিনা। আমাদের ভোটের অধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য যারা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে সিলেট এসেছি।’
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এখন আপনাদের দায়িত্ব বিএনপিকে যেন মানুষ ভালোবাসে, এটি তৈরি করতে হবে, এজন্য ত্যাগ স্বীকার করেন। আমাদের বিরুদ্ধে কেউ যেন খারাপ কথা বলতে না পারে, জমি দখল করেছি, চাঁদাবাজি করেছি একথা যেন কেউ বলতে না পারে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
বিশেষ অতিথির বক্তৃতায় মির্জা আব্বাস বলেন, ‘সরকার নির্বাচন এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। নানা ফন্দি-ফিকির করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। তবে বিএনপি আবারও আন্দোলনে নামবে এবং দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনবে।’
খালেদা জিয়ার চিকিৎসার ইস্যু তুলে ধরে তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ‘স্লো পয়জনিংয়ের’ মাধ্যমে পরিকল্পিতভাবে অসুস্থ করা হয়েছে। যখন বিদেশে নেওয়ার প্রয়োজন ছিল, তখন সরকার ইচ্ছাকৃতভাবে তা আটকে দেয়। এটা শুধু খালেদা জিয়ার বিরুদ্ধেই নয়, এটি ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হরণের এক গভীর ষড়যন্ত্র।”
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা হায়েনামুক্ত হয়েছি, কিন্তু ষড়যন্ত্রমুক্ত হইনি। সবাই মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্বাধীনতা যুদ্ধে যারা আলবদর, রাজাকার বাহিনী গড়ে পাকিস্তানের পক্ষে কাজ করেছে, তারা আজ একেক সময় একেক কথা বলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।’
নিপুণ রায় চৌধুরী বলেন, ‘হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে পুণ্যভূমি সিলেট থেকেই গণতন্ত্র উদ্ধারের যাত্রা শুরু করল বিএনপি। ১৭ বছরের নিপীড়ন ও নির্যাতন সহ্য করেই গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বিএনপি। সংস্কার হচ্ছে বিএনপির মাধ্যমে- যা ভবিষ্যতেও চলমান থাকবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, তাহসিনা রুশদীর লুনা ও এম এ মালেক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।










