সিল্কসিটিনিউজ ডেস্ক:
বগুড়ায় নিখোঁজ সাড়ে ৪ বছর বয়সী শিশু মাহাদী হাসান এর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল আটটার দিকে শহরের চারমাথা ধমকপাড়া এলাকায় প্রতিবেশী ভাড়াটিয়ার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে।
মাহাদী হাসান ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক নারীর নাম তাহমিনা খাতুন। তিনি শিবগঞ্জের জানগ্রাম এলাকার আনিস মন্ডলের স্ত্রী। তারা ধমকপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দীন জানান, গত বৃহস্পতিবার বেলা ১১ টার পর থেকে নিখোঁজ ছিল শিশু মাহাদী ইসলাম। শুক্রবার সকালে ওই এলাকার স্থানীয় প্রতিবেশী রতনের বাড়ির ভাড়াটিয়ার বাড়িতে আটক নারীকে বস্তার পাশে পায়চারি করতে দেখে সন্দেহ হয়। এ সময় রতন ঘটনাটি এলাকাবাসীকে জানালে আটক ওই নারীর বাড়ি থেকে বস্তাবন্দি মাহাদীর লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, লাশ উদ্ধারের পাশাপাশি একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ব্যাপারে লেখা আছে। আমাদের ধারণা মুক্তিপণের জন্য শিশু মাহাদীকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।









