সিল্কসিটিনিউজ ডেস্ক:
দুই দিনব্যাপী হ্যাকাথনে চূড়ান্ত হওয়া আট প্রকল্প যাবে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের মূল পর্বে।
দেশে টানা চতুর্থবারের মতো এই আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিস ও সহযোগিতা করে বেসিস স্টুডেন্টস ফোরাম।

শনিবার হ্যাকাথনের শেষ দিনে ৪০টি প্রকল্পের মধ্যে চূড়ান্ত হওয়া আট প্রকল্প হলো, গেইম চেঞ্জার, প্ল্যানেট কিট, কিউ, মাত্রা, ফোটন, মেটা কোডার্স, এইচএসটিইউ মেট্রোয়েড ও অলিক।
৩৬ ঘণ্টার হ্যাকথনের সমাপনী দিনে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রদূত এই তরুণরা। তারা আগামী দিনে ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দেবে। বিশ্ব পরিমণ্ডলে নির্বাচিত এই প্রকল্পগুলো তাদের সক্ষমতা জানান দিয়ে দেশকে তুলে ধরবে। গত বছর সেরা ১২০টি প্রকল্পের মধ্যে শীর্ষ দশে ছিল দেশের দুটি প্রকল্প। এবার পরিধি আরো বেড়েছে। বাংলাদেশ আরো ভালো করবে এটাই আমার বিশ্বাস।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন-নাসা আন্তর্জাতিকভাবে বিশ্বের ২৫০টি শহরে এ প্রকল্প বাস্তবায়ন করছে, যেখানে বেসিস বাংলাদেশের ৯টি শহর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং কুমিল্লায় এই আয়োজন করেছিল।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, বেসিসের সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮-এর আহ্বায়ক ও বেসিস পরিচালক দিদারুল আলম এবং যুগ্ম আহ্বায়ক আরিফুল হাসান অপুসহ আরও অনেকেই।









