নাটোর প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে নাটোরের ৩ যুবলীগ কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় বিশেষ প্রশিক্ষন বাহিনীর অজ্ঞাত ১৫-১৬জনকে আসামী করে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে যুবলীগ কর্মী রেদোয়ান সাব্বিরের মা রুখসানা বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় বাদী তার এজাহারে উল্লেখ করেছেন, গত শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার সময় তার ছেলে রেদোয়ান আহমেদ সাব্বির ও তার দুই বন্ধু আবু আব্দুল্লাহ ও সোহেল রানা সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের তকিয়া বাজারে মান্নানের চায়ের দোকানে বসে চা পান করছিলো।

এসময় সাদা ও কালো রংয়ের দু’টি মাইক্রো ও হাইচ গাড়ি দোকানের সামনে এসে দাঁড়ায়। ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ দল ওই গাড়ি থেকে নেমে র্যাব পরিচয় দিয়ে তাদের মারধর করে মাইক্রোবাসে উঠিয়ে রাজশাহীর দিকে চলে যান। ঘটনাটি প্রত্যক্ষদর্শীদের মুখে শোনার পর প্রতিটি থানাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।

পরে সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার সময় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ কলাবাড়ী মাদরাসার পার্শ্বে শাহ পুকুর সংলগ্ন এলাকা থেকে তাদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
মামলায় আরো উল্লেখ করা হয়, কোন বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী কারো দ্বারা প্রচোরিত হয়ে সাব্বির সহ তাদের তিন বন্ধুকে মাথায় গুলি করে হত্যা করেছে। অথচ আমি এই হত্যা কা-ের সুষ্ঠ বিচার দাবী করছি।
এর আগে নিহত সাব্বিরের মা রুখসানা বেগম গত রোববার (৪ ডিসেম্বর) রাতে বাদী হয়ে ওই তিনজনের নিখোঁজ হওয়ার ঘটনায় সদর থানায় একটি জিডিও করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিহত সাব্বিরের মা রুখসানা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এবিষয়ে নাটোরের অতিরিক্তি পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন বলেন, মামলটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স/আ









