নাটোরের বড়াইগ্রামে আরপি পরিবহনের যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নয় জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার সময় বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়ার নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।
পুলিশ জানায়- বরিশালের বগুনা থেকে রাজশাহীগামী বাসটি ভোরে বড়াইগ্রাম এলাকায় পৌছালে পাবনাগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে নয়জনের মৃত্যু হয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোর সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, মোট নয়জনের মৃত্যু হয়েছে। অহত হয়েছেন ৩০ জন। মৃতদের মধ্যে একটা ১০ বছর বয়সী কন্যা শিশু রয়েছে। এছাড়া চালক-হেলপারসহ নিহতরা সবাই পুরুষ।এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন- বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।