রাজশাহীর খবর

নাটোরে পাসপোর্ট অফিস থেকে চার দালাল আটক, ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোরের আঞ্চলিক পাসপোর্ট অফিস চত্ত্বর থেকে চার দালালকে আটক করেছে র‌্যাব-৫। পরে তাদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের কারাদন্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে শহরের চকরামপুর এলাকা থেকে তাদের আটকের পর বিচারক মোহাম্মদ নায়িরুজ্জামান এই দন্ডাদেশ প্রদান করে।

আটককৃতরা হলেন, শহরের লালমনিপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম(২৫), ভাটোদাড়া এলাকার জয়েন উদ্দিনের ছেলে মিঠু সরদার(২৬) ও সোহান সরদার(১৮) এবং মৃত. আনিছ উদ্দিনের ছেলে ওমর ফারুক(২২)।

র‌্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও স্থানীয়রা সিল্কসিটি নিউজকে জানান, দীর্ঘ দিন ধরেই নাটোরের আঞ্চলিক পাসপোর্ট অফিস এক দল দালাল গ্রাহকদের বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট অফিস চত্ত্বরে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় গ্রাহকদের হয়রানি করাসহ টাকা পয়সা হাতিয়ে নেওয়ার সময় চার দালালকে হাতেনাতে আটক করা হয়।

পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রত্যেককে এক মাস করে কারাদন্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

স/অ