ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের একটি মাদ্রাসা থেকে ককটেল,জিহাদী বই, লিফলেটসহ ৬ শিবির নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার কসবা করমজা গ্রামের মোশারফ হোসেনের ছেলে ৭নং ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি মোবারক হোসেন মিতুল (১৯), আশরাফুল ইসলামের ছেলে রুহুল আমিন (২০), খেড়িপাড়া গ্রামের তোসিরুল ইসলামের ছেলে শিবিরের কসবা ইউনিয়ন সভাপতি আব্দুল ওয়াদুদ শিশির(২০), পাশ্ববর্তী নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মুন্দিখৈইর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইসাহাক আলী (২০), মুসলেমউদ্দিনের ছেলে ইউনিয়ন বাইতুল মাল সহসম্পাদক লতিফুর রহমান(১৯) এবং ইসমাইল হোসেনের ছেলে ফয়সাল(১৯)।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাসিরুদ্দিন শুক্রবার দুপুরে সিল্কসিটি নিউজকে জানান, উপজেলার কসবা ইউনিয়নের বদ্ধাই চন্ডিপুর আলিম মাদ্রাসায় শিবির নেতা-কর্মীরা গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ৬টি ককটেল, জিহাদী বই, সংগঠনের চাঁদার রশিদ বই, লিফলেটসহ ৬ শিবির নেতা-কর্মীকে আটক করা হয়।

আটককৃতরা নাশকতা চালানোর জন্য পরিকল্পনা করছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান ওসি।
এ ঘটনায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আটককৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স/শ









