নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন আগামী ১ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে প্রয়োজনীয় আবেদন করা হয়েছে এবং সমাবর্তন আয়োজনের বিভিন্ন প্রস্তুতি এগিয়ে চলছে।রাজশাহী খাবার
সমাবর্তন আয়োজন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর চৌদ্দপাই এলাকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান প্রথম সমাবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি জানান, সমাবর্তনে অংশগ্রহণের জন্য গ্রাজুয়েটদের অনলাইন নিবন্ধন কার্যক্রম আগামী ১৫ জুন থেকে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে।ব্রেকিং নিউজ
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম ব্যাচ থেকে ২৭তম ব্যাচ পর্যন্ত এবং স্নাতকোত্তরের প্রথম ব্যাচ থেকে ৩২তম ব্যাচ পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রথম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। সমাবর্তনের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। প্রায় ৫ হাজার গ্রাজুয়েট এ সমাবর্তনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসকেই সমাবর্তনের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতির। প্রধান বক্তা হিসেবে থাকবেন লেখক, কলামিস্ট ও গবেষক মহিউদ্দিন আহমদ। এছাড়া দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য, রাজনীতিবিদ, শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশ নেবেন।
সমাবর্তন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামা ওবায়েদ ইসলাম।
অনুষ্ঠানকে ঘিরে বর্ণিল সাংস্কৃতিক আয়োজনও থাকবে। এতে দেশের খ্যাতিমান সংগীতশিল্পীরা অংশ নিয়ে শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের জন্য পরিবেশনা করবেন।
সমাবর্তন সংক্রান্ত নিবন্ধন ও প্রয়োজনীয় তথ্যের জন্য শিক্ষার্থীরা নিবন্ধন পোর্টাল, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিস্তারিত জানতে পারবেন।
সমাবর্তন সফলভাবে সম্পন্ন করতে ‘প্রথম সমাবর্তন উদযাপন কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির অধীনে একাধিক উপ-কমিটির মাধ্যমে সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহামদ, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ইদ্রিস আলী, সমাবর্তন উপলক্ষে গঠিত মিডিয়া ও প্রচার উপ-কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উচ্চশিক্ষা ও গবেষণায় মানসম্মত শিক্ষা প্রদান করে দেশে ও বিদেশে সুনাম অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়টির গ্রাজুয়েটরা বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন সরকারি, বেসরকারি, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সাফল্য ও কর্মদক্ষতার পরিচয় দিচ্ছেন।









