সদ্য প্রকাশিত
কৃষি

নগরে নবান্নের গল্প, গ্রামে ধানের দামে দুশ্চিন্তা

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৮৩ মিনিট পড়া
নগরে নবান্নের গল্প, গ্রামে ধানের দামে দুশ্চিন্তা

মহানগরে এখন নবান্নের আদিগল্পে নানান পিঠা পায়েসের সুগন্ধ ছুটছে। এদিকে বরেন্দ্রের দিনমজুর কৃষক তিন-চার মাসের ভাতের নিশ্চয়তা পেতে ভোর থেকে বিকেল পর্যন্ত ধান কাটতে ব্যস্ত আছেন। খুবই কম ভূমিহীন কৃষক পরিবারে নতুন ধান থেকে চাল হয়েছে। ধান কাটা ও মাড়ার কাজই শেষ হয়নি এখনো। অগ্রহায়নে দিনের তাপমাত্রা কমে এলেও ফাঁকা মাঠে রোদের তেজ কম নয়। এই তাপে ধান কাটার আসরে নবান্নের পিঠা পায়েসের গল্প নেই, আছে ধানের দাম নিয়ে দুশ্চিন্তা।

কৃষক নাজিমুল হুদার বয়স ৬৭। সংসারের জোয়াল টেনে এই বয়সেই তিনি বৃদ্ধ। বার্ধক্যের রোগ তাঁর শরীর জুড়ে। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা সদরের জোনাকী পাড়ায় তাঁর বাড়ি। রাজশাহী নগরীর ডায়াবেটিক হাসপাতালে আমাদের পরিচয়। মাঠে কাজ করতে গিয়ে তাঁর পায়ে কাঁটা বিঁধেছিলো। সেখানে দেখা দেয় পচন। এর চিকিৎসা করতে এসেছিলেন তিনি। কথার মাঝে তিনি আমাকে প্রশ্ন করলেন, ভাই এদেশে গরীব কৃষক বাঁচবে কিভাবে? জানতে চাই কেন কি হয়েছে? তিনি বললেন, ধানের দাম মাত্র ৬শো থেকে সাড়ে ৬শো টাকা। গত বছরের চেয়ে ৪শো টাকা কম। গত বছর ছিলো ১ হাজার টাকা। কিন্তু সার, কীটনাশকের দাম তো ১ টাকাও কমেনি। হাল চাষ, ধান লাগানো ও কাটা দিয়ে খরচ তো উঠছে না। নাজিমুল হুদার চোখে তখন জল এলো। ধানের উপযুক্ত দাম না পাওয়ায় তাঁর বুকে যে কষ্ট তা যেন শরীরের অন্য ব্যথাকেও হারিয়ে দেয়। আমি তাঁর কাছে জানতে চেয়েছিলাম, ধানের দাম কত হলে আপনাদের সব খরচ উঠে লাভ হবে? আপনারা খুশি হবেন? তিনি জানিয়েছেন কমপক্ষে ১হাজার টাকা।

আমি গ্রামে ঘুরে দেখেছি বেশিরভাগ পরিবারকেই চাল কিনতে হয় না। যাদের কৃষি জমি নেই একটুও তাঁরাও ধান কেটে বছরের বেশিরভাগ সময়ের চাল সংগ্রহ করে রাখতে পারেন। দেশের বেশিরভাগ এলাকাতেই এখন একই জমিতে বছরে ২ বার ধান হয়। ফলে ভুমিহীনও পরিশ্রম করলে চাল কেনা থেকে রক্ষা পান। চালের বড় বাজার শহরে, নগরে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত আর নগরের শ্রমিক শ্রেণীই মূলত চালের ক্রেতা। উচ্চবিত্তের জন্য চালের দরদাম কোন বিষয় নয়। মধ্যবিত্ত পরিবারগুলোর জীবন যাপনে প্রতিদিনের যে খরচ তার সাথে চালের জন্য অতিরিক্ত আরো ১০/১৫ টাকা খরচ যোগ করা নাভিশ্বাসের কারণ হবে না। এক্ষেত্রে বিদ্যুৎ, জ্বালানী, শিক্ষা, চিকিৎসা, বাড়িভাড়া, পরিবহন ব্যয় নিয়ন্ত্রণে সরকার মনোযোগী হলেই খাবার খরচে মধ্য ও নিম্নবিত্ত একটু বাজেট বাড়াতে পারবেন। নগরের শ্রমিক, দিনমজুরের ন্যূনতম মজুরী আরো বাড়ানো গেলে চালের দাম কিছুটা বাড়লে তাঁরাও খুব ক্ষতির মুখে পড়বেন না।

ঠিক তথ্য জানি না তবে দেশে দরকারের চেয়ে বেশিই চাল আমদানি করা হয় বলে ধারনা করি। চাল আমদানীতে আসলে উপকারভাগী কারা? দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নিশ্চয় নয়।চালের দাম বৃদ্ধি ও কমে যাওয়ার মধ্যে নিয়ন্ত্রণ থাকা উচিত। দেশের মোট জনগোষ্ঠির বেশিরভাগ মানুষের পেশা কৃষি। কৃষি পন্যের ভেতরে ধানের চাষ বেশি। ফলে ধানের দামের ব্যাপক পতনে দেশের এক বড় অংশের মানুষ অার্থিক ক্ষতির মুখে পড়েন। এমন পরিস্থিতির মুখে তাঁরা জানতে চান, বাঁচবো কিভাবে? আমি কৃষক নাজিমুল হুদার এ প্রশ্নে নীরব থেকেছি, কিছু বলতে পারিনি। উত্তরটি আপনাদের জানা আছে কি? আমাকে জানালে আমি তা ঐ কৃষকের কাছে পৌছে দিবো।

সাংবাদিক মেহবুব আলম বর্ণের ফেসবুক থেকে নেওয়া