নিজস্ব প্রতিবেদক:
দোকানদার কে মারপিটের ঘটনায় নগরীর ষষ্টিতলায় বিএনপির দু’গ্রপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মামুনর রশীদ মামুন পক্ষের নিউমার্কেটের এক ব্যবসায়ীর ওপর হামলা চালায় একই এলাকার বাসিন্দা বিএনপি নেতা ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল আলম মিলুর লোকজন। এরপর নগরীর বোয়ালিয়া থানায় গিয়ে অভিযোগ করেন ওই দোকানের মালিক।

ওই ঘটনার জেরে রাত সাড়ে আটটার দিকে আবারো মামুনের বাড়ির সামনে অবস্থান করে মিলুর লোকজন। এতে ক্ষিপ্ত হয়ে তাদের ধাওয়া করে মামুনের লোকজন। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে মামুনের লোকেরা লাটি-সোঠা ধারালো অস্ত্র নিয়ে নিউমার্কেটের বেশকয়েকটি দোকানে ভাংচুর করে ও দোকানীদের মারপিট করতে থাকে। এ সময় নিউমার্কেটের জয়নাল পুরি বার্গারের মালিক তারেক (৫০) গুরুতর আহত হন। এছাড়া বিভিন্ন দোকানীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
সংঘর্ষের সময় নিউমার্কেট ও ষষ্টিতলা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কে নিউমার্কেটের সব দোকানপাট বন্ধ করে দেয়া হয়। ক্রেতারা আতঙ্কে দিববেদিক ছোটা ছুটি শুরু করেন। পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করে। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে চলে এ সংঘর্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় পুলিশ টহল দিতে শুরু করে।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।
স/শ









