রাজশাহী

রাজশাহীতে আ.লীগ নেতাকে গ্রেপ্তার নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক৭ মার্চ ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরী দড়িখরবোনায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় গোয়েন্দা সংস্থার সদস্যসহ তিনজন আহত হয়েছেন। এসময় ককটেল বিস্ফোরণ ছাড়াও এক সাংবাদিকসহ দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। উত্তেজনা রাত ১১ টা পর্যস্ত চলমান ছিল। তবে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আর্শকা করা হচ্ছে। আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার অভিযানকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে নগরীর দড়িখড়বোনা এলাকার মুন রাবেয়া টাওয়ার থেকে যুবলীগ নেতা সাব্বির বাবুকে ধরিয়ে দেয় বিএনপি মহিলা দলের নেত্রী লাভলী। এর জের ধরে সন্ধ্যায় মহিলা দলের নেত্রী লাভলীর বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে। হামলাকারীরা সেখান থেকে সরে এলে নগরীর দড়িখড়বোনা এলাকায় লাভলী গ্রুপের সাথে সংঘর্ষ শুরু হয়।

এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইটপাটকেলের আঘাতে নগর গোয়েন্দা পুলিশের সদস্য তোফাজ্জলসহ আরো দুজন আহত হয়। এ সময় দড়িখড়বোনা এলাকায় থেমে থাকা দুইটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এরমধ্যে একটি মোটরসাইকেল আজেকের পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার জাহিদ হাসান সাব্বিরের। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনে তিনি মোটরসাইকেলে ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে দূরে সড়কের পাশে তার মোটরসাইকেলটি রাখা ছিল। এসময় তার মোটরসাইকেলেও আগুন দেয় বিক্ষুব্ধরা। রাত সাড়ে ১০ টার দিকে দড়িখড়বোনা, শালবাগান ও রেলগেট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হোসেন জানান, সংঘর্ষের খবরে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এখন পরিস্থিতি শান্ত। সংঘর্ষের কারণ জানতে পুলিশ কাজ করছে।