দ্রুজদের অজুহাতে ইসরায়েলি আগ্রাসন, সিরিয়া ভাগ হতে দেব না : এরদোয়ান
নিউজ ডেস্ক১৯ জুলাই ২০২৫২ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ ডেস্ক:
ইসরায়েল সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে আগ্রাসন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তিনি জোর দিয়ে বলেন, তুরস্ক কখনো সিরিয়ার বিভাজন মেনে নেবে না। এক মন্ত্রিসভা বৈঠকের পর আঙ্কারায় সাংবাদিকদের উদ্দেশে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘আমরা যেমন গতকাল সিরিয়ার বিভাজনের বিরুদ্ধে ছিলাম, তেমনি আজও আছি এবং আগামীতেও থাকব।’
তিনি আরো বলেন, ‘গত দুই দিন ধরে ইসরায়েল দ্রুজদের অজুহাত দেখিয়ে সিরিয়ায় ডাকাতির মতো কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
’ ইসরায়েলের ওপর নির্ভরকারীরা বড় ভুল করছে বলেও সতর্ক করে দেন এরদোয়ান। তিনি বলেন, ‘ইসরায়েল একটি আইনবহির্ভূত, নীতিহীন, উদ্ধত, অবাধ্য এবং রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র।’এরদোয়ান আরো বলেন, ‘একটি স্থিতিশীল সিরিয়া কেবল প্রতিবেশী দেশগুলোর জন্য নয়, পুরো অঞ্চলের জন্য শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে। অন্যথায়, এর বোঝা সবাইকে বইতে হবে।
’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা নিপীড়ন ও গণহত্যার মাধ্যমে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চায়, তারা যেন ভুলে না যায়—তারা পথচারী মাত্র, আমরা এই ভূমির প্রকৃত অধিবাসী।’এরদোয়ান জানান, তুরস্ক সিরিয়ার সব পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। তুরস্কের নীতিগত অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের মূলনীতি হচ্ছে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য, একক রাষ্ট্রকাঠামো এবং বহুসাংস্কৃতিক পরিচিতি রক্ষা করা।’
তিনি আরো বলেন, ‘আমাদের সম্মানজনক পররাষ্ট্রনীতি, শান্তি উদ্যোগ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তুরস্ক সব সময় শান্তির পক্ষে।
আমাদের কারো প্রতি শত্রুতা নেই, হিংসা বা বিদ্বেষ নেই। আমরা কারো অধিকার বা সার্বভৌমত্ব লঙ্ঘন করি না। আমরা শুধু শান্তি চাই।’