সিল্কসিটিনিউজ ডেস্ক :
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদুল আলম বলেছেন, ‘বিএনপি একটি সাধারণ মানুষ নির্ভর রাজনৈতিক দল। রিকশাচালক, ভ্যানচালক ও কৃষকসহ দেশের অন্তত ৮০ শতাংশ সাধারণ মানুষ এখনো বিএনপিকে ভালোবাসে। এ কারণেই দীর্ঘ ১৭ বছর ধরে নানামুখী নিপীড়নের শিকার হয়েও বিএনপিকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি।’
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে নিজ বাড়িতে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

খোরশেদুল আলম বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশের সম্পদ লুট করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। বর্তমানে তারা ইসলামের নাম ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের ওপর অপপ্রচার চালাচ্ছে। অথচ দেশের ৯০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে আর চায় না।’
সভায় উপজেলা বিএনপি নেতা মাহফুজুর রহমান পারভেজ, চাতরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাসেম মেম্বার, আনোয়ারা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হাসান, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা নুরুল আজিম, যুগ্ম আহ্বায়ক সরওয়ারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: কালের কণ্ঠ










