
সিল্কসিটি নিউজ ডেস্ক :
দেশে এসে পোঁছেছে অমর একুশের গানের রচয়িতা দেশবরেণ্য সাংবাদিক, কলাম লেখক ও গীতিকার আবদুল গাফফার চৌধুরীর মরদেহ। আজ শনিবার (২৮ মে) বেলা ১১ টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তার মরদেহ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দেশবরেণ্য এই সাংবাদিক মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য বিমানবন্দর থেকে তার মরদেহ কেন্দ্রীয় নেওয়া হবে শহিদ মিনার। সেখানে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত মরদেহ সেখানে রাখা হবে। এরপর সেখানে গার্ড অব অনার প্রদান করা হবে। পরে সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা হবে।
বিকাল ৪টায় মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে। শ্রদ্ধা নিবেদনের পর মিরপুরের শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ নেওয়া হবে। গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী সেখানে স্ত্রীর কবরের পাশে বিকাল সাড়ে ৫টায় তার মরদেহ দাফন করা হবে।
আবদুল গাফফার চৌধুরী ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে মারা যান। ২০ মে তার প্রথম জানাজা ইংল্যান্ডের ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হয়। এছাড়া সেখানকার আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান।
সূত্রঃ কালের কন্ঠ









