নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৬৬৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও নতুন করে মারা গেছে শিশুসহ দুজন। এদের একজন রংপুরের আরেকজন নারায়নগঞ্জের।

এদিকে এ নিয়ে মারা গেল ১৭৭ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৪৫৫ জন। রবিবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন দুজন। তারা ঢাকার বাইরের। এখন পর্যন্ত ১৬৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানান ডা. নাসিমা।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।








