জাতীয়

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও পরিবেশ সুরক্ষায় পুরস্কৃত আরিফুর

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রান্তিক মান্তা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন ঝালকাঠির তরুণ সংগঠক মো. আরিফুর রহমান।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাকে এ সম্মাননা দিয়েছে। আরিফুর বর্তমানে ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৬ সালে বরিশালের নদীতে বসবাসকারী মান্তা জনগোষ্ঠীর জীবনসংগ্রাম কাছ থেকে দেখার পর তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ শুরু করেন আরিফুর। জন্মনিবন্ধন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি কাজ করে যাচ্ছেন।

তার উদ্যোগে মান্তা জনগোষ্ঠীর জন্য স্থানীয় প্রশাসনের কাছ থেকে কবরস্থানের জমিও পাওয়া গেছে।
করোনাভাইরাসের মহামারি থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়ও ভূমিকা রেখেছেন তিনি। পাশাপাশি চরাঞ্চলের মানুষের জীবিকা উন্নয়ন, পরিবেশ শিক্ষা, জলাভূমি পুনরুদ্ধার, সিসাদূষণ প্রতিরোধ এবং জলবায়ু সুবিচার প্রতিষ্ঠায় কাজ করছেন।

পরিবেশ বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন করতেও বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন আরিফুর।

ইকো অলিম্পিয়াড বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে বরিশাল অঞ্চলের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এ ছাড়া ঝালকাঠির ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে তোলা হয়েছে ইয়ুথ ক্লাইমেট ক্লাব। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ ও জলবায়ু বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে।
বিবিএ সম্পন্ন করা আরিফুর বর্তমানে এলএলবি পড়ছেন। ভবিষ্যতেও প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ এবং তরুণদের জন্য পরিবেশবান্ধব কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ এগিয়ে নিতে চান তিনি।