অর্থ ও বাণিজ্য

দেশে ঋণখেলাপি আড়াই লক্ষাধিক

নিউজ ডেস্ক১ মার্চ ২০১৯৬ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশে বর্তমানে ২ লাখ ৬৬ হাজার ১১৮ জন ঋণখেলাপি রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এদের মধ্যে ২০ ঋণখেলাপির নাম-পরিচয়সহ তালিকা সংসদে দিয়েছেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এদিকে হাইকোর্টের স্থগিতাদেশ থাকার কারণে ওই তালিকায় অন্তুর্ভুক্তির যোগ্য কিছুসংখ্যক ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম অন্তুর্ভুক্ত করা হয়নি বলে জানান মন্ত্রী।

 

তালিকাভুক্ত শীর্ষ ২০ ঋণখেলাপি- কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লি., সামানাজ সুপার ওয়েল লি., বিআর শিপিং মিলস লি., সুপ্রভ শিপিং লি., রিমেক্স ফুটওয়্যার লি., রাইজিং স্টিল লি., কম্পিউটার সোর্স লি., বেনটেক্স ইন্ডাস্ট্রিজ লি., ম্যাক্স শিপিং মিলস, এসএ ওয়েল রিফাইনারি লি., রুবাইয়া ভেজিটেবল ওয়েল ইন্ডাস্ট্রিজ লি., আনোয়ারা শিপিং মিলস, ক্রিসেন্ট লেদার প্রোডাক্ট লি., সুপ্রোভ রোটর শিপিং লি., ইয়াসির এন্টারপ্রাইজ, চৌধুরী নিট ওয়্যার লি., সিদ্দিক ট্রেডার্স, রুপালি কম্পোজিট লেদার ওয়্যার লি., আলফা কম্পোজিট টাওয়ালস লি., এমএম ভেজিটেবল প্রডাক্ট লি.।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশের ৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ৪৪ হাজার ১৮৯ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। এ ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ১২ হাজার ৫২৬ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ খেলাপি ঋণ থাকা ব্যাংক হল জনতা ব্যাংক লিমিটেড। এ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১২ হাজার ২২ কোটি টাকা।

হাজী মোহাম্মদ সেলিমের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, বেসিক ব্যাংক লিমিটেডে খেলাপি ঋণের পরিমাণ ৮ হাজার ৪৪১ কোটি, অগ্রণী ব্যাংকে ৫ হাজার ৬৮৪ কোটি, রূপালী ব্যাংকে ৪ হাজার ৮৭০ কোটি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ৭৭৯ কোটি টাকা। মন্ত্রী জানান, খেলাপি ঋণ কমানোর লক্ষ্যে এরই মধ্যে সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে বিদ্যমান আইনগুলো পর্যালোচনা ও সংস্কারের নিমিত্তে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠিত হয়েছে। এছাড়া আইনি কাঠামোর আওতায় খেলাপি ঋণ আদায় প্রক্রিয়া গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় সংস্কারের নিমিত্তে এরই মধ্যে আইন কমিশন, বাংলাদেশ ব্যাংক, তফসিলি ব্যাংক এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের মধ্যে সভা হয়েছে।

মন্ত্রী আরও জানান, ঋণঝুঁকি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নীতিমালাগুলো পুনঃপর্যালোচনা করা হচ্ছে। নতুন নীতিমালা বাস্তবায়নের ফলে খেলাপি ঋণ অনেকাংশেই হ্রাস পাবে মর্মে আশা করা যায়। এছাড়া ঋণের বিপরীতে গৃহীত সহায়ক জামানত মূল্য নির্ধারণের জন্য নীতিমালা প্রণয়ন এবং জামানত সংক্রান্ত তথ্য সিআইবি ডাটাবেজে অন্তর্ভুক্তকরণের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

বৈদেশিক ঋণ পরিশোধ সাড়ে ১১ হাজার কোটি টাকা : অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিগত অর্থবছরে বৈদেশিক ঋণ বাবদ ১ হাজার ৪০৯ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ১১ হাজার ৬১০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ওই পরিশোধিত অর্থের মধ্যে আসল বাবদ ৯ হাজার ১৪৩ কোটি এবং সুদ বাবদ ২ হাজার ৪৫৮ কোটি টাকা। তিনি জানান, ২০১৭-১৮ অর্থবছরে পরিশোধিত ঋণ যথাক্রমে ২০১২-১৩ অর্থবছরের তুলনায় শতকরা ৩০ ভাগ, ২০১৩-১৪ অর্থবছরের তুলনায় ১৫ ভাগ, ২০১৪-১৫ অর্থবছরের তুলনায় ৩৬ ভাগ, ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় ৪১ ভাগ এবং ২০১৬-১৭ অর্থবছরের তুলনায় শতকরা ৩১ ভাগ বেশি।

বৈদেশিক ঋণ সাড়ে ৩৩ হাজার মিলিয়ন ডলার : মোহাম্মদ শহিদ ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত বছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণের স্থিতির মোট পরিমাণ ৩৩ হাজার ৫১১ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে সর্বোচ্চ ১৪ হাজার ২০১ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। এছাড়া এশিয়া উন্নয়ন ব্যাংক ৮ হাজার ৮৪৭ মিলিয়ন মার্কিন ডলার, জাপান ৪ হাজার ৭১৫ মিলিয়ন, ইসলামী ব্যাংক ৫২১ মিলিয়ন, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ৪৫৩ মিলিয়ন, চীন ১ হাজার ৯৯৭ মিলিয়ন, রাশিয়া ১ হাজার ২০৫ মিলিয়ন, দক্ষিণ কোরিয়া ৪৩০ মিলিয়ন, ভারত ৩২৪ মিলিয়ন এবং অন্যান্য সংস্থার কাছে বৈদেশিক ঋণ স্থিতির পরিমাণ ৮২৪ মিলিয়ন মার্কিন ডলার।

আইটি নিরাপত্তায় সর্বাধিক গুরুত্ব : গাজী মোহাম্মদ শাহ নেওয়াজের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পর ব্যাংকিং খাতের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে আইটি নিরাপত্তা ব্যবস্থাকে সার্বক্ষণিক গুরুত্ব দেয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাইবার বিশেষজ্ঞ, বাংলাদেশ ব্যাংকের আইটি গভর্নেন্স ও রিস্ক ম্যানেজমেন্ট স্পেশালিস্ট (আন্তর্জাতিক পরামর্শক) এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সমন্বিত প্রয়াসে বর্তমান আইটি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে উপযুক্ত আইটি নিরাপত্তা পরিকল্পনা রিমিডিয়েশন প্ল্যান প্রস্তুত করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘প্ল্যানটি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের মাধ্যমে অনুমোদিত হয়েছে। এ রিমিডিয়েশন প্ল্যানে আইটি নিরাপত্তা ব্যবস্থাকে সার্বক্ষণিক গুরুত্ব দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে নিুোক্ত বিষয়গুলো বাস্তবায়ন করা হয়েছে বা হচ্ছে। এর মধ্যে নিরাপত্তাবিষয়ক পলিসি ও ব্যবহারবিধির উন্নয়ন ও বাস্তবায়ন করা হয়েছে। ২০১৮ সালে বাংলাদেশ ব্যাংকের জন্য আইটি সিকিউরিটি পলিসি ৩.০ ও ব্যাংক ও আর্থিক খাতের জন্য আইসিটি সিকিউরিটি গাইডলাইন হালনাগাদ করে জারি করা হয়েছে।’

বৈদেশিক ফোনকল থেকে রাজস্ব আয় কমেছে : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বৈদেশিক ফোনকল থেকে ৯টি অর্থবছরে সরকার রাজস্ব আয় কমেছে ১২ হাজার ৭৪৪ কোটি ২১ লাখ ১২ হাজার ১০২ টাকা। ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৭-১৮ অর্থবছরে এ আয় করা হয়েছে। তবে এ খাত থেকে আয়ের পরিমাণ কমছে। বৈদেশিক ফোনকল থেকে ২০১৪-১৫ অর্থবছরে রাজস্ব আয় হয়েছে ২ হাজার ৭৫ কোটি টাকা। সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরে আয় হয়েছে ৯০৮ কোটি টাকা। নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজস্ব আয় বাড়াতে তিনটি পদক্ষেপ : মন্ত্রী জানান, বৈদেশিক কর বাবদ রাজস্ব আয় বাড়াতে সরকার তিনটি পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলো হচ্ছে- আন্তর্জাতিক ইনকামিং কল টার্মিনেশন রেট এক দশমিক ৭৫ থেকে দুই দশমিক ৫০ সেন্ট নির্ধারণ করা হয়েছে, ২০১৭-১৮ অর্থবছরে মোট ২৪টি অভিযান পরিচালিত হয়েছে এবং ১৫ হাজার ৪৭৬টি সিম জব্দ করা হয়েছে এবং একই অর্থবছরে সিম বক্স ডিটেকশন সিস্টেমের মাধ্যমে মোট ২০ লাখ ৫৮ হাজার ৩১৮টি সিম বন্ধ করা হয়েছে।

ভিওআইপি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকা টেলিকম কোম্পানিগুলোর কাছ থেকে জরিমানা বাবদ রাজস্ব আদায় : একই বিষয়ে ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভিওআইপি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকা টেলিকম কোম্পানিগুলোর কাছ থেকে জরিমানা বাবদ রাজস্ব আদায় করা হয়েছে ৮৬০ কোটি ৬০ লাখ টাকা। ৬টি কোম্পানির তথ্য তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, গ্রামীণফোনের কাছ থেকে আদায় করা হয়েছে ৪১৮ কোটি ৪০ লাখ, রবি আজিয়াটার কাছ থেকে ১৪৫ কোটি, বাংলালিংকের কাছ থেকে ১২৫ কোটি, র‌্যাংকস টেলিকম লিমিটেডের কাছ থেকে ১৫০ কোটি, ও পিপলস টেলিকমের কাছ থেকে ৮ কোটি ২০ লাখ টাকা।

বিশেষায়িত ল্যাব : মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে আইটি বিষয়ে দক্ষ জনবল তৈরির জন্য বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ১৬টি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব স্থাপন করা হয়েছে। পাশাপাশি কিছু ল্যাব স্থাপনের কাজ চলমান রয়েছে। একই এমপির আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, থ্রিজি সার্ভিসে ইন্টারনেটের গতিসহ মোবাইল অপারেটরদের সামগ্রিক সেবার মান সন্তোষজনক পর্যায়ে রাখতে সরকার কাজ করে যাচ্ছে।

স্পিকারের সঙ্গে স্বনীতি ইনিশিয়েটিভের রিত্তিকা ভট্টাচার্যের সৌজন্য সাক্ষাৎ : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে স্বনীতি ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা ও সিইও রিত্তিকা ভট্টাচার্যের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। বৃহস্পতিবার স্পিকারের সংসদ ভবনের কার্যালয়ে এ সাক্ষাৎকালে তারা টেকসই উন্নয়ন, অবাধ তথ্যপ্রবাহ, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও সংসদ সদস্যদের প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেন। এ সময় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, স্বনীতি ইনিশিয়েটিভের পরিচালক উমা ভট্টাচার্যসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।